'যুক্তরাষ্ট্রের বোমা নয়, ইরানের ক্ষেপণাস্ত্রই নির্ধারণ করছে ক্ষমতার সমীকরণ'

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার সমীকরণ যুক্তরাষ্ট্রের বোমা নয়, বরং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিই নির্ধারণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা। তাঁর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তার পরিণতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না; দেশটির বৈশ্বিক ভাবমূর্তি, অর্থনীতি এবং নির্বাচনী হিসাব-নিকাশেও এর প্রভাব পড়বে।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ‘আপনাদের বোমা অন্য জায়গায় বিস্ফোরিত হবে, আপনাদের বৈশ্বিক ভাবমূর্তি, মার্কিন অর্থনীতি, এমনকি নির্বাচনী হিসাব-নিকাশেও!’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাই সমীকরণ বদলে দিয়েছে। এই শক্তির কারণেই যুক্তরাষ্ট্র এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে এখন থেকে তাদের বলতে হবে, ‘জি, জনাব!’ একই বক্তব্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বোমার নাম কিংবা আকার কোনো বিষয় নয়।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন মার্কিন সামরিক বাহিনীর ইরানে হামলার সম্ভাব্য নতুন পরিকল্পনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এসব পরিকল্পনায় জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের বিকল্পও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা।

প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তবে এসব পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

মাজিদ ইবনে রেজা তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের বোমার ধ্বংসক্ষমতার চেয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তাঁর দাবি, ইরানের এই সামরিক শক্তিই আন্তর্জাতিক পরিস্থিতির হিসাব বদলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য পদক্ষেপের পরিণতি বিবেচনায় নিতে বাধ্য করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন