যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অপরাধ আড়ালে জাতিসংঘের সমালোচনায় ইরান

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূতের সর্বশেষ প্রতিবেদনের সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার অভিযোগ, এই প্রতিবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘটিত অপরাধ আড়াল করা হচ্ছে এবং সেসব ঘটনার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, যুক্তরাজ্যের উদ্যোগে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিশেষ দূতের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। তার দাবি, ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ দূতের দায়িত্বকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধের জন্য ইরানকে দায়ী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বাঘাইয়ের ভাষায়, এ ধরনের উদ্যোগ আগ্রাসন, নৃশংসতা এবং একতরফা নিষেধাজ্ঞামূলক পদক্ষেপকে আড়াল করার সচেতন প্রচেষ্টা। তিনি এই পদ্ধতিকে বিভ্রান্তিকর ও অসৎ বলে সমালোচনা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ইরানের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত মাই সাতো দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা ইরানের অভ্যন্তরীণ দমন-পীড়নের পরিস্থিতিকে আরও জটিল করেছে।

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রভাবও তুলে ধরা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত