মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে এমন একটি নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যেখানে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ থাকবে না।
গত ৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
আরাগচি জানান, এসব ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব কর্মকাণ্ডকে তিনি অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে অভিহিত করেছেন, সেগুলোর পরিণতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আলোচনায় জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, হামলা ও হুমকি বন্ধ করা এবং আঞ্চলিক নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়া ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আরাগচি তাঁর পোস্টে লেখেন, ‘আমি আমাদের দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ আত্মরক্ষার অধিকারের ওপর গুরুত্ব দিয়েছি। একই সঙ্গে এ অঞ্চলের বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছি।’
যে ১২ দেশের সঙ্গে কথা বলেছেন আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেগুলো হলো—ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।
এই ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন আরাগচি।
তবে এসব ফোনালাপে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কী প্রতিক্রিয়া জানিয়েছেন কিংবা প্রস্তাবিত নিরাপত্তা কাঠামো নিয়ে কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে তাঁর পোস্টে বিস্তারিত জানানো হয়নি।
ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা, কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইসরায়েলে সরকার গঠন নিয়ে জটিলতা, কঠিন সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট