যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সহযোগিতা করলে পরিণতির দায় নিতে হবে: ইরান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে কোনো ধরনের নৌ, সামরিক বা লজিস্টিক সহায়তা না দিতে বিদেশি সরকারগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার মতো অজুহাত দেখিয়েও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে তার পরিণতির দায় নিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া কিংবা ইরানের বিরুদ্ধে অমানবিক অর্থনৈতিক সন্ত্রাসে সহযোগিতা করা শত্রুতামূলক ও বেআইনি কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সহযোগিতার মধ্যে নৌবাহিনী মোতায়েন, সামরিক ও লজিস্টিক সরঞ্জাম সরবরাহ এবং সামরিক সদস্য পাঠানোও অন্তর্ভুক্ত। এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে তেহরান।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত আগ্রাসনের সংজ্ঞার মধ্যেও পড়ে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা’ কিংবা ‘জলদস্যুতা প্রতিরোধের’ মতো আপাত বৈধ যুক্তি দেখালেও এ ধরনের কর্মকাণ্ডের বেআইনি ও শত্রুতামূলক চরিত্র বদলাবে না।

বাঘাইয়ের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা অঙ্গীকার আন্তর্জাতিক আইনের অধীনে কোনো রাষ্ট্রের দায়িত্ব লঙ্ঘন কিংবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে অংশ নেওয়ার বৈধ ভিত্তি হতে পারে না।

তিনি সতর্ক করে বলেন, যে দেশ যে কোনো উপায়ে এ ধরনের আগ্রাসনে অংশ নেবে, সৃষ্ট পরিণতির জন্য সেই দেশকেই পূর্ণ দায় বহন করতে হবে।

পোস্টে একটি কোরীয় প্রবাদও উল্লেখ করেন বাঘাই। এর ভাবার্থ, ‘বকপাখির পেছনে উড়তে গিয়ে চড়ুই শেষ পর্যন্ত নিজের পা ভাঙে।’ এর মাধ্যমে তিনি শক্তিশালী রাষ্ট্রের সামরিক অভিযানে অন্য দেশগুলোর জড়িয়ে পড়ার ঝুঁকির ইঙ্গিত দিয়েছেন।

ইরানের এই সতর্কবার্তা এমন এক সময়ে এল, যখন হরমুজ প্রণালি ও আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। নৌ চলাচল সুরক্ষার নামে কোনো বিদেশি সামরিক উপস্থিতি বা সহায়তা ইরান কীভাবে বিবেচনা করবে, সে বিষয়ে তেহরানের কঠোর অবস্থানও এতে স্পষ্ট হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত