হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে ইরানের মাইন হামলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

হরমুজ প্রণালিতে গত কয়েক ঘণ্টায় অন্তত চারটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি সুপারট্যাংকারও রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জাহাজগুলোর নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে বলে অবস্থান জানিয়ে আসছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।

ইরানের দাবি অনুযায়ী, দক্ষিণ হরমুজ এলাকায় নৌমাইনে আঘাত পাওয়া জাহাজগুলোর একটি ছিল সুপারট্যাংকার। তবে জাহাজগুলোর ক্ষয়ক্ষতি, হতাহত কিংবা ঘটনার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির সামরিক বাহিনী।

যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না হরমুজ: গালিবাফ

এর আগে চলতি সপ্তাহে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলেই কেবল প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এসব দাবির সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলোরও বড় ধরনের মিল রয়েছে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথে চলাচলে বাধা সৃষ্টি হলে বিশ্ববাজারে তেল সরবরাহ, জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক বাজারে দামের ওপর বড় প্রভাব পড়তে পারে।

তবে ইরানের চারটি জাহাজে মাইন হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। জাহাজগুলোর পরিচয় ও সংশ্লিষ্ট দেশের বক্তব্যও এখনো পাওয়া যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত