লেবাননে হিজবুল্লাহর আর্থিক প্রতিষ্ঠান টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২০ অক্টোবর) রাতে হামলা চালায় তারা। এ হমলায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের দাহিহ জেলা, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র জানান, কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। যদিও বাসিন্দাদের আগেই অন্য কোথাও চলে যেতে বলা হয় বলে জানানো হয়েছে। তবে হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহও। রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরায়েলের অন্তত সাতটি শহর ও এলাকাজুড়ে সাইরেন বাজানো হয়েছে।

