যুদ্ধ উপদ্রুত লেবানন থেকে আরও ১০৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে লেবানন থেকে ফেরত আসা মোট বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে।
দেশে ফেরত আসা সবাইকে জনপ্রতি ৫ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাদেরকে স্বাগত জানান। তারা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবনন থেকে বাংলাদেশিরা সকলেই সরকারি খরচে দেশে ফিরেছেন। যারা লেবানন থেকে ফিরতে চান, তাদেরকে সরকার পূর্ণ সহায়তা দেবে। এছাড়া যারা সেদেশেই অবস্থান করতে চান, তাদেরও নিরাপত্তা দেয়া হবে।
এর আগে ৪ ডিসেম্বর লেবানন থেকে ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন।
এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন।

