যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আরও ২ হাজার ফ্লাইট বাতিল হওয়ার শঙ্কা রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এমনকি নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষারপাতের মাধ্যমে ১৯৭৮ সালের আগের সব রেকর্ড ভেঙে গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন।

তুষারঝড়ের প্রভাবে নিউজার্সি এবং ম্যাসাচুসেটসসহ পূর্ব উপকূলজুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি নাগরিকদের সতর্ক করে বলেছেন, ‘হোয়াইটআউট’ বা প্রবল তুষারঝড়ের কারণে রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, তাই সবার ঘরে থাকা উচিত।

আকাশপথের যোগাযোগে এই ঝড় নজিরবিহীন বিপর্যয় ডেকে এনেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ৯৮ শতাংশ এবং জেএফকে (JFK) বিমানবন্দরের ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বোস্টন এবং ফিলাডেলফিয়াতেও প্রায় ৮০ থেকে ৯২ শতাংশ ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

প্রবল তুষারপাতের কারণে রাস্তাঘাট ও রেললাইন তুষারে ঢাকা পড়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা নেই।

DR/SN
আরও পড়ুন