যুক্তরাজ্য সরকারের বিশেষ ব্যবস্থাপনায় মধ্যপ্রাচ্য থেকে প্রথম দফায় ব্রিটিশ নাগরিকদের একটি দল নিরাপদে দেশে ফিরেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে এই বিশেষ বিমানটি। দীর্ঘ অপেক্ষা আর যুদ্ধের অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরতে পেরে যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও, ওমানের মাস্কাটে কাটানো সময়গুলোর ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তারা।
বিবিসি সংবাদদাতা গ্রেগ ম্যাকেঞ্জি স্ট্যানস্টেড বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। যাত্রীরা জানান, ওমানের মাস্কাট বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় তারা চরম উদ্বেগ ও মানসিক চাপের মধ্যে ছিলেন। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং যুদ্ধের বিস্তৃত হওয়ার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন।
এক যাত্রী বলেন, ‘আমরা জানতাম না কখন ফিরতে পারব। মাস্কাটে প্রতিটা মুহূর্ত ছিল উদ্বেগের। শেষ পর্যন্ত দেশে ফিরতে পেরে মনে হচ্ছে আবার প্রাণ ফিরে পেয়েছি।’
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আগামী দিনগুলোতে ওমান থেকে আরও বেশ কিছু চার্টার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও কিছু বাণিজ্যিক ফ্লাইট ব্রিটিশ নাগরিকদের নিয়ে যুক্তরাজ্যের পথে রওয়ানা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে হাজার হাজার বিদেশি নাগরিক এই অঞ্চলে আটকা পড়েছেন। বিভিন্ন দেশের সরকার এখন অগ্রাধিকার ভিত্তিতে নিজ দেশের নাগরিকদের প্রত্যাবাসনের কাজ শুরু করেছে।
দুবাইয়ে আটকে পড়াদের ফেরাতে প্রথম ফ্লাইট আজ
