হরমুজ প্রণালী খুলতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

হরমুজ প্রণালী দ্রুত খুলে দিতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একভাবে বা অন্যভাবে খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা, নিরাপদ ও মুক্ত করা হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলো যদি এই নৌপথে যুদ্ধজাহাজ পাঠায়, তাহলে ইরানের জন্য এটি আর কোনো হুমকির উৎস হয়ে থাকতে পারবে না।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে খোলা ও নিরাপদ রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে লক্ষ্য করে নিয়মিত হামলা অব্যাহত রাখবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করে দিয়েছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইরান এখনও ড্রোন, সমুদ্র মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম।

অন্যদিকে এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন জেনেভায় নিযুক্ত ইরানের প্রতিনিধি আলি বাহরানি। তিনি বলেন, তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন