ফ্লোরিডায় ভাইস মেয়রকে গুলি করে হত্যা

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল স্প্রিংস শহরের ভাইস মেয়র ন্যান্সি মেটায়ের বোয়েনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী স্টিফেন বোয়েনকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ একে ‘পারিবারিক সহিংসতা’র ঘটনা বলে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত সোমবার কোরাল স্প্রিংস এলাকা থেকে জরুরি ফোন (৯১১) পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে নিজ বাসা থেকেই ৩৮ বছর বয়সী ন্যান্সি মেটায়ের বোয়েনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তার স্বামী স্টিফেন বোয়েনকে (৪০) আটক করে পুলিশ। বর্তমানে তাকে ফোর্ট লডারডেলের ব্রাওয়ার্ড কাউন্টি কারাগারে রাখা হয়েছে।

ন্যান্সি মেটায়ের বোয়েন ছিলেন কোরাল স্প্রিংস শহরের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা। তিনি ছিলেন এই শহরের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম হাইতিয়ান-আমেরিকান নারী কমিশনার। ২০২০ সালে প্রথমবার সিটি কমিশনার নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালে তিনি বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন। তার জনপ্রিয়তার কারণে সহকর্মী কমিশনাররা তাকে ভাইস মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন।

রাজনীতির পাশাপাশি তিনি জনসেবামূলক কাজেও অত্যন্ত সক্রিয় ছিলেন। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ফ্লোরিডায় ক্যারিবীয় ভোটারদের প্রধান সমন্বয়কারী হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

হত্যাকাণ্ডে অভিযুক্ত স্টিফেন বোয়েন পেশাগত জীবনে ‘মেন অব সেন্ট লুক’ নামে একটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। সমাজসেবক হিসেবে পরিচিত এই ব্যক্তির হাতে এমন নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনা শহরজুড়ে শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

কোরাল স্প্রিংস পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ন্যান্সির মৃত্যুতে স্থানীয় কমিউনিটি এবং হাইতিয়ান-আমেরিকানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: রয়টার্স।

FJ
আরও পড়ুন