গণমাধ্যমকর্মীরা বলতে ভালবাসেন 'ইরান জিতেছে': ট্রাম্প

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

সংঘাতের বাস্তবতা নিয়ে গণমাধ্যমের প্রচলিত বর্ণনাকে সরাসরি চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান জয়ের পথে নয়, বরং বড় ধরনের পরাজয়ের মুখে রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, 'গণমাধ্যমকর্মীরা বলতে ভালোবাসেন যে ইরান জিতছে। অথচ প্রকৃতপক্ষে সবাই জানে, তারা বড়সড়ভাবেই হারছে।'

এরপর তিনি সংঘাত চলাকালীন সময়ে তার প্রশাসনের বারবার তুলে ধরা দাবিগুলো পুনরায় উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অকার্যকর, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, রাডার অচল এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বেও বড় ধরনের ক্ষতি হয়েছে। পোস্টে আল্লাহর প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশটির 'দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই', যা তিনি এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন।

সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, ইরানের 'একমাত্র অবশিষ্ট হুমকি' এখন সমুদ্র মাইন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পরিষ্কারে কাজ শুরু করেছে এবং এতে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশকে সম্পৃক্ত করা হচ্ছে।

তবে এই প্রসঙ্গে অন্যান্য দেশগুলোর ভূমিকাকে খোঁচা দিয়ে ট্রাম্প মন্তব্য করেন, নিজেদের উদ্যোগে এমন পদক্ষেপ নেওয়ার 'সাহস বা ইচ্ছাশক্তি' তাদের নেই। সূত্র: বিবিসি

AS/AHA
আরও পড়ুন