এক দশকে ট্রাম্পের ওপর যত হামলা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম

ডোনাল্ড ট্রাম্প-মার্কিন রাজনীতির এক আলোচিত ও বিতর্কিত নাম। ২০১৬ সালে প্রথমবার নির্বাচনি প্রচারণায় নামার পর থেকে গত দশ বছরে তিনি অসংখ্যবার প্রাণঘাতী হামলা ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন। সর্বশেষ শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে গুলির ঘটনা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে আবারও বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারের সময় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে এই গুলির শব্দ শোনা যায়। স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে। তবে এই গুলি সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১০ বছরের প্রধান হামলা ও ষড়যন্ত্রের ইতিহাস:
ওয়াশিংটন হিলটন হোটেল (এপ্রিল ২০২৬): সাংবাদিকদের সাথে ডিনার চলাকালে হোটেলের বাইরে গুলিবর্ষণ। সিক্রেট সার্ভিসের তৎপরতায় ট্রাম্প অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যান।

মার-এ-লাগো অনুপ্রবেশ (ফেব্রুয়ারি ২০২৬): ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ২১ বছর বয়সী এক যুবক শটগান ও গ্যাস ক্যানিস্টার নিয়ে প্রবেশের চেষ্টা করলে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়।

পেনসিলভানিয়া সমাবেশ (জুলাই ২০২৪): বাটলারে নির্বাচনি জনসভায় থমাস ম্যাথিউ ক্রুকস রাইফেল দিয়ে গুলি চালায়। একটি গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায়। সিক্রেট সার্ভিসের স্নাইপার হামলায় ক্রুকস নিহত হয়।

গলফ ক্লাব হামলা (২০২৪): ফ্লোরিডায় গলফ খেলার সময় রায়ান ওয়েসলি রুথ রাইফেল নিয়ে হামলার চেষ্টা করেন। বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

পাক-ইরান ষড়যন্ত্র (২০২৪): ইরানের হয়ে ভাড়াটে খুনি হিসেবে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে এক পাকিস্তানি ও এক ইরানি নাগরিককে পৃথকভাবে গ্রেপ্তার করা হয়।

রাইসিন বিষযুক্ত চিঠি (২০২০): এক ফরাসি-কানাডীয় নারী ট্রাম্পের উদ্দেশ্যে প্রাণঘাতী রাইসিন বিষযুক্ত চিঠি পাঠিয়েছিলেন, যা মাঝপথে ধরা পড়ে।

নর্থ ডাকোটা হামলা (২০১৭): এক ব্যক্তি ফর্কলিফট চুরি করে প্রেসিডেন্টের লিমোজিন উল্টে দেওয়ার চেষ্টা করেন।

লাস ভেগাস র‍্যালি (২০১৬): নির্বাচনি প্রচারণার সময় এক ব্রিটিশ নাগরিক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নিয়ে ট্রাম্পকে হত্যার চেষ্টা করে ধরা পড়েন।

এতসব হামলার পরও ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ভীত নন এবং জনসম্মুখে উপস্থিতি কমানোর কোনো পরিকল্পনা তার নেই। কোনোভাবেই ভয় পেয়ে পিছু হটবেন না তিনি। সূত্র: অ্যাক্সিওস

FJ
আরও পড়ুন