ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

ইরানকে হুশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে গুপ্তহত্যার চেষ্টা করে তবে দেশটির ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণার পর এই নতুন উত্তেজনা তৈরি হলো।

শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। 

ট্রাম্প তার পোস্টে জানান, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে লক্ষ্য করে ইতোমধ্যে ১ হাজার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রস্তুত (লকড অ্যান্ড লোডেড) রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার জীবননাশের যে হুমকি দেওয়া হচ্ছে, তার জবাবেই এই কঠোর পদক্ষেপ।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনীকে এ বিষয়ে এক বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরানের যেকোনো এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে ট্রাম্পের এই চরম হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন যেকোনো মুহূর্তে দ্বিপাক্ষিক সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তেমন পরিস্থিতি তৈরি হলে আত্মরক্ষার জন্য ইরান পূর্ণাঙ্গ প্রতিরক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছে। গালিবাফ জোর দিয়ে বলেন, বিশ্বজুড়ে চলমান এই সংঘাতের অবসান জরুরি হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে তা কখনোই সম্ভব নয়।

সূত্র: আল জাজিরা

SN
আরও পড়ুন