হরমুজে আবারও নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে এবং এই নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করবে।

সোমবার (১৩ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি উন্মুক্ত আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘ইরানি নৌ অবরোধ’ পুনর্বহাল করছে। তার ভাষায়, এই অবরোধের লক্ষ্য কেবল ইরানের জাহাজ এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা গ্রাহকরা। অন্য সব দেশের জন্য হরমুজ প্রণালি আগের মতোই উন্মুক্ত থাকবে।

ট্রাম্প আরও বলেন, ‘আমরাই হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে পরিচিত হব। ন্যায্যতার স্বার্থে এই অস্থির অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তার জন্য প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ আমাদের পরিশোধ করতে হবে।’

তিনি জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

ট্রাম্পের এই ঘোষণার মধ্য দিয়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নতুন এই মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। সূত্র: ডন

AS
আরও পড়ুন