আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সান হুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জানাচ্ছেন যে, প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দমকল বাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মীরা রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি ছিল বেল ৪১২ মডেলের, যা সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হতো। বুধবার সকালে পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণ অভিযানে সহায়তা দিতে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পরই নিশ্চিত হওয়া যায় যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেন হরমুজ প্রণালির একক নিয়ন্ত্রণ চায় ইরান?