যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ার পথে আবদুল আল-সাইয়েদ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

প্রভাবশালী ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর কোটি কোটি ডলারের প্রচারণাকে ব্যর্থ করে দিয়ে মার্কিন সিনেটের ডেমোক্রেটিক মনোনয়ন জয় করে নিয়েছেন প্রগতিশীল জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শক আবদুল আল-সাইয়েদ।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-সহ অন্যান্য শীর্ষ সংবাদ মাধ্যম মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এই সংকীর্ণ দৌড়ে আল-সাইয়েকে বিজয়ী ঘোষণা করেছে। ভোট গণনার শেষভাগে ১ শতাংশের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি পরিষদের সদস্য হ্যালি স্টিভেন্সকে হারিয়ে দেন তিনি।

ইসরায়েলপন্থী সংগঠন 'আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি' (AIPAC)-এর জন্য এই ফলাফল একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি আল-সাইয়েকে পরাজিত করতে স্টিভেন্সের পক্ষে ৩ কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছিল। পুরো নির্বাচনী প্রচারে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো প্রায় ৬ কোটি ডলারের বেশি ব্যয় করে।

আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক সংগ্রেসম্যান মাইক রজার্সের মুখোমুখি হবেন আল-সাইয়ে। মিশিগানের এই নির্বাচন সেনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি অংশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিশরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইয়েদ আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম সেনেটর। আল-সাইয়েদ গাজায় ইসরায়েলের নির্মমতাকে গণহত্যা বলে স্বীকৃতি দেন এবং ইসরায়েল-সম্পর্কিত যুদ্ধে বিপুল অর্থ ব্যয়ের বদলে সেই অর্থ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাস্থ্যসেবা, আবাসন ও অবকাঠামো উন্নয়নে খরচ করার পক্ষে মত দিয়ে আসছেন।

ফলাফল নিশ্চিত হওয়ার পর হ্যালি স্টিভেন্স নিজেই আল-সাইয়েদকে সমর্থন জানান এবং শুভেচ্ছা বার্তা দেন। এছাড়া ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমারসহ দলের অন্য শীর্ষ নেতারাও আল-সাইয়েকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে এই জয়ের পর আল-সাইয়েদ সমর্থকদের ঐক্যের আহ্বান জানিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করার দৃঢ়সংকল্প প্রকাশ করেন। তবে ডোনাল্ড ট্রাম্প এই জয়কে রিপাবলিকানদের জন্য 'দারুণ খবর' বলে আখ্যা দিয়ে আল-সাইয়েদের তীব্র সমালোচনা করেছেন। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন