হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের চলমান আলোচনায় ওমান বাধা দিলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাক্ষাৎকারে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানানোর পাশাপাশি গাজা শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করছে বলেও দাবি করেছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে উদ্দেশ করে বলেন, তাদের উচিত আত্মসমর্পণের জন্য সাদা পতাকা তুলে দেওয়া। তবে যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি। তাঁর ভাষায়, তিনি তাড়াহুড়ো করছেন না এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করছে না।
ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটির নেতারা ভালো ‘পোকার খেলোয়াড়’, তবে তারা মারা যাচ্ছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমান্তরাল আলোচনা প্রসঙ্গে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওমান যদি এতে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কর্মকর্তাদের একটি গোপন যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠার বিষয়টিও ট্রাম্প নিশ্চিত করেছেন। এর আগে অ্যাক্সিওস এ ধরনের গোপন যোগাযোগের খবর প্রকাশ করেছিল।
গাজা প্রসঙ্গে ট্রাম্প জানান, তাঁর শীর্ষ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনার চলতি সপ্তাহে হামাস ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় অগ্রগতি হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের সঙ্গে হামাসের নিজস্ব সম্পর্ক রয়েছে এবং গাজা শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করছে।
একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক হামলা নিয়েও আপত্তি জানান ট্রাম্প। তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েলের গাজায় হামলা চালানো উচিত নয়।
ট্রাম্পের বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র রয়েছে। প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এর নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রশ্নটি আঞ্চলিক সংঘাতের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
'ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না'
ড্রোন-বিমানসহ দুই শতাধিক আকাশযান ধ্বংস করেছে ইরান
ইরানের সঙ্গে যুদ্ধ করার যোগ্যতা নেই ইসরায়েলের: জেনারেল জাভানি