ড্রোন-বিমানসহ দুই শতাধিক আকাশযান ধ্বংস করেছে ইরান

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ২০০টির বেশি শত্রু বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ফারস সংবাদ সংস্থার বরাতে এ দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

ইজাদি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ইরানকে দুর্বল বা বিচ্ছিন্ন করার পরিবর্তে দেশটির সামরিক সক্ষমতা ও প্রতিরোধের শক্তিই বিশ্বের সামনে তুলে ধরেছে। তাঁর ভাষায়, যুদ্ধে ইরান ভেঙে পড়েনি এবং দেশটির রাষ্ট্রীয় কাঠামোর ওপরও প্রত্যাশিত ধরনের ক্ষতি করা সম্ভব হয়নি।

আইআরজিসির উপপ্রধানের দাবি অনুযায়ী, সংঘাতের সময় ইরানি বাহিনী প্রতিপক্ষের আকাশযান মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

তাঁর বক্তব্যে এয়ারক্র্যাফট বলা হলেও, সেটিকে শুধু যুদ্ধবিমান হিসেবে দেখলে দাবিটির পরিধি সংকুচিত হয়ে যায়; সামরিক পরিভাষায় এয়ারক্র্যাফটের মধ্যে মনুষ্যবাহী বিমান ও চালকবিহীন ড্রোন, উভয়ই অন্তর্ভুক্ত হতে পারে।

ইরানি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও একাধিক দাবি করেছেন। দেশটির আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের পরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে এবং যুদ্ধের সময় কার্যকর প্রমাণিত কিছু সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হয়েছে। সূত্র: ডন

AS
আরও পড়ুন