ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও আরব মিত্রদের বহন করা উচিত

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদেশগুলোর কাছ থেকে ফেরত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যেসব দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, তাদেরই যুদ্ধের ব্যয় বহন করা উচিত।

রোববার (৮ নভেম্বর) সম্প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের যে অর্থ ব্যয় হয়েছে, তা পুরোপুরি ফেরত নেওয়া হবে। এ ক্ষেত্রে ইসরায়েলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও নিরাপত্তা ব্যয়ের অর্থ আদায়ের কথা বলেছিলেন তিনি।

তবে উপসাগরীয় দেশগুলোর অবস্থান ভিন্ন। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে তাদের জানানো হয়নি। বরং যুদ্ধের জেরে ইরানের পাল্টা হামলায় এসব দেশের অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারে। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি মেরামতের খরচ এতে অন্তর্ভুক্ত নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি অর্থ আদায়ের নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ কম। বরং এটি অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল হতে পারে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পর ইরান যুদ্ধ নিয়ে দেশে অসন্তোষ বাড়ায় ট্রাম্পের ওপর চাপ তৈরি হয়েছে।

চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক নিল কুইলিয়াম মনে করেন, উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের খরচ আদায়ের সম্ভাবনা কম। তবে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো, অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে পরোক্ষভাবে ক্ষতিপূরণের বিষয়টি সামনে আসতে পারে।

বিশ্লেষকদের ধারণা, উপসাগরীয় দেশগুলো এ ধরনের দাবির বিষয়ে নীরব আপত্তি জানাতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ সম্পর্ক আগে থেকেই রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায়ও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আলজাজিরা

এএইচএ
আরও পড়ুন