যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থাকে পূর্বসূরি কর্তৃক ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দেওয়া বিতর্কিত তকমা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা।
গত শনিবার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। চলতি মাসের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করে প্রথম হিস্পানিক নারী হিসেবে এই দায়িত্ব নিতে চলেছেন হিনোজোসা।
তিনি স্পষ্ট করে জানান, আগামী জানুয়ারিতে শপথ নেওয়ার পরই তিনি ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস’ (কায়ার)-কে কালোতালিকাভুক্ত করার নির্বাহী আদেশ বাতিল করবেন। জননিরাপত্তা রক্ষায় রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং প্রকৃত ব্যবস্থার প্রয়োগ ঘটানোই তাঁর মূল লক্ষ্য।
অস্টিনের স্থানীয় সংবাদমাধ্যম ‘ফক্স সেভেন’ জানিয়েছে, অঙ্গরাজ্যের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো তাঁর এই যুগান্তকারী পদক্ষেপকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।
এর আগে তৎকালীন গভর্নর গ্রেগ অ্যাবট মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়াতে এবং নাগরিক অধিকার সংগঠনগুলোকে দমিয়ে রাখতে তাঁর রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে কায়ারকে সন্ত্রাসী তকমা দেওয়ার ঘটনাটি ছিল মুসলিমদের রাজনৈতিক অংশগ্রহণ ও জনমত গঠনে বাধা দেওয়ার একটি সুদূরপ্রসারী রাজনৈতিক অপচেষ্টা।
গত বছর অ্যাবট মুসলিম ব্রাদারহুড এবং কায়ার উভয়কেই বিদেশি সন্ত্রাসী ও অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন।
এই সিদ্ধান্তের ফলে টেক্সাসে সংগঠন দুটির যেকোনো জমি ক্রয় বা অধিগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
পাশাপাশি, অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন দলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন।
তবে সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর কাছে রিপাবলিকানদের এই প্রভাবশালী নেতারা পরাজিত হওয়ায় টেক্সাসের পুরো রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের ক্ষমতার পরিবর্তন এসেছে।
সূত্র: মিডল ইস্ট আই
নেতানিয়াহু জোটের বাধা পেরিয়ে পার্লামেন্টের স্পিকার হলেন কাহানা
কেশম ও বাহরাইনে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা
ইসরায়েলি পার্লামেন্টে বড় ধাক্কা খেলেন বেনিয়ামিন নেতানিয়াহু