প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান

দুটি বাইবেল থাকলেও তা স্পর্শ করেননি ট্রাম্প!

শপথ অনুষ্ঠানে ব্যবহৃত দুইটি বাইবেলের একটি ১৮৬১ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথের সময় ব্যবহৃত হয়েছিল। অপরটি ছিল ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিয়ডের উপহার।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) রাতে তিনি শপথবাক্য পাঠ করেন। এ সময় শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল রাখা হলেও তিনি বাইবেলে স্পর্শ না করেই শপথবাক্য পাঠ করেন।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে ব্যবহৃত দুইটি বাইবেলের একটি ১৮৬১ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথের সময় ব্যবহৃত হয়েছিল। অপরটি ছিল ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিয়ডের উপহার। ট্রাম্প ১৯৫৫ সালে মাত্র ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাস করার পর এই বাইবেলটি উপহার হিসেবে পেয়েছিলেন।

ট্রাম্পের শপথে দুটি বাইবেল থাকলেও তিনি কোনটির পর হাত রাখেননি। ট্রাম্পের ডান হাত ছিল শূন্যে, আর বাঁ হাত নিচের দিকে ঝুলে ছিল। শপথ বাক্য পাঠের সময় ট্রাম্প বাইবেলের প্রতি হাত না রাখার বিষয়টি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং অনেকেই প্রশ্ন তুলেছেন- এটি কি শপথের নিয়মের বিপরীতে?

তবে বিশেষজ্ঞরা বিষয়টি পরিষ্কার করেছেন। প্রেসিডেন্সিয়াল স্কলার এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি বলেন, সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে প্রেসিডেন্ট শপথের সময় বাইবেলে হাত রাখবেন। শপথ হলো সংবিধানের ওপর, যা একজন প্রেসিডেন্টকে দেশটির সংবিধান রক্ষা, সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য অঙ্গীকার করতে নির্দেশ দেয়।

ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আমেরিকার সংবিধানকে রক্ষা, সুরক্ষা এবং প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তিনি দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ নিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল ঐতিহাসিক এবং অন্যটি তার মায়ের উপহার। বাইবেল দুটি তার শপথ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করেছে, তবে তিনি বাইবেলটির উপর হাত না রাখলেও শপথের উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন।

সূত্র: রয়টার্স

SN/KK
আরও পড়ুন