রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে ৫৫৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস করা ড্রোনগুলোর মধ্যে প্রায় ২০০টি মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ব্যাপক আকারের এই হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তবে কয়েকটি ড্রোন রাজধানীর একটি তেল শোধনাগারে আঘাত হানতে সক্ষম হয়েছে। এছাড়া একটি শপিং সেন্টারও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো ওই তেল শোধনাগারে হামলার ঘটনা। মঙ্গলবারের ড্রোন হামলার পর সেখানে কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার কারণে দেশটির জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মস্কোর এই তেল শোধনাগারটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় পেট্রোল ও অন্যান্য তেলজাত পণ্যের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে এটি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর শোধনাগারটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি সেবা সংস্থাগুলো।
এদিকে মস্কো অঞ্চলের গভর্নর জানান, ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং কয়েকটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় মস্কোর ব্যস্ততম শেরেমেতিয়েভো বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির কারণে অনেক যাত্রী গাড়ি পার্কিং এলাকায় আশ্রয় নেন। সূত্র: আলজাজিরা
মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনে বৃষ্টির মতো হাইপারসনিক মিসাইল ছুঁড়ছে রাশিয়া
সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া