ইউরোপের তাপপ্রবাহ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদরোস গেব্রিয়েসুস বিশ্বনেতাদের প্রতি জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তেদরোস বলেন, 'ইউরোপের তাপপ্রবাহ স্কুল বন্ধ করে দিচ্ছে এবং মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে।'

তিনি উল্লেখ করেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত স্পষ্টভাবে দেখাচ্ছে যে ইউরোপে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভবিষ্যতে আরও ঘন ঘন এবং আরও তীব্র তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে।

ডব্লিউএইচও প্রধানের ভাষায়, 'আর দেরি করবার সুযোগ নেই।' তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থাকে আরও সহনশীল ও প্রস্তুত করে তুলতে হবে। একই সঙ্গে জলবায়ু সংকটের মূল কারণগুলো প্রশমনে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে তাপমাত্রা অস্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে। এরই মধ্যে স্কুল বন্ধ, পরিবহনব্যবস্থায় বিঘ্ন এবং স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির মতো ঘটনা সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছেন শিশু, বয়স্ক এবং আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সতর্কবার্তা ইউরোপের চলমান দাবদাহকে শুধু একটি আবহাওয়াজনিত ঘটনা নয়, বরং একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট হিসেবেও সামনে নিয়ে এসেছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন