২০২২ এর চেয়েও বিপজ্জনক ব্রিটেনের তাবদাহ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

যুক্তরাজ্যে চলমান তাপপ্রবাহ ২০২২ সালের সর্বকালের তাপমাত্রার রেকর্ড ভাঙতে নাও পারে, তবে বিশেষজ্ঞদের মতে এবারের পরিস্থিতি আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এর প্রধান কারণ অস্বাভাবিক উচ্চ আর্দ্রতা, যা মানুষের শরীরের স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করছে।

২০২২ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এবার সেই রেকর্ড অক্ষুণ্ন থাকলেও স্বাস্থ্যঝুঁকি কমছে না বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের এক্সট্রিম এনভায়রনমেন্টস ল্যাবরেটরির গবেষক ডক্টর হিদার ম্যাসি বলেন, মানবদেহ ঘামের মাধ্যমে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে সেই প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করতে পারে না।

তার ভাষায়, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকলে ঘাম সহজে শুকাতে পারে না। ফলে শরীরের তাপমাত্রা কমানোর স্বাভাবিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে।

একই ব্যাখ্যা দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ অধ্যাপক হিউ মন্টগোমারিও। তিনি বলেন, শুষ্ক আবহাওয়ায় ঘাম দ্রুত বাষ্পীভূত হয়ে ত্বককে ঠান্ডা করে। কিন্তু বাতাসে আর্দ্রতা খুব বেশি হলে ঘাম আর বাষ্পে পরিণত হতে পারে না।

তার মতে, এমন পরিস্থিতিতে ঘাম শরীর থেকে ঝরে পড়লেও সেটি কোনো শীতলতা তৈরি করতে পারে না। ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে যায়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার এই যুগপৎ প্রভাব শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। তাদের মতে, শুধু থার্মোমিটারে দেখা তাপমাত্রা নয়, আর্দ্রতার মাত্রাও তাপপ্রবাহের প্রকৃত ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ কারণেই রেকর্ড ভাঙার সম্ভাবনা না থাকলেও যুক্তরাজ্যের বর্তমান তাপপ্রবাহকে স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক সময়ের অন্যতম উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন