স্পেনে তীব্র তাপদাহে ২১৩ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে শুধু স্পেনেই তিন দিনে অন্তত ২১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি মৃত্যুহার পর্যবেক্ষণ ব্যবস্থা জানিয়েছে, সোমবার (২২ জুন) থেকে বুধবার (২৪ জুন) পর্যন্ত এই মৃত্যুগুলো অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত।

স্পেনের মাদ্রিদভিত্তিক কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউটের দৈনিক মৃত্যুহার পর্যবেক্ষণ ব্যবস্থা জানায়, ঐতিহাসিক গড়ের সঙ্গে তুলনা করে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করে এই তথ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি সপ্তাহে স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত উত্তরাঞ্চলের বাস্ক এলাকাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছায়। পরিস্থিতির কারণে সেখানে বাইরে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়।

শুধু স্পেন নয়, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডেও জুন মাসে রেকর্ড গড়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনেক এলাকায় আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে জুনে এত বেশি তাপমাত্রা আগে কখনও দেখা যায়নি।

ফ্রান্সেও বুধবার (২৪ জুন) গড় জুন তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। কাজো এলাকায় সর্বোচ্চ ৪৩ দশমিক ৬ ডিগ্রি, বোর্দোতে ৪২ দশমিক ৫, নঁতে ৪২ দশমিক ২, ল্য মঁসে ৪১ দশমিক ৬ এবং রাজধানী প্যারিসে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে উত্তর ফ্রান্সের পা-দ্য-কালে অঞ্চলে তাপপ্রবাহে অন্তত তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্যারিসের উপকণ্ঠে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে একটি গাড়ি থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে ইউরোপজুড়ে বিদ্যুৎ, পরিবহন, জনসেবা ও অন্যান্য অবকাঠামোর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। দিন ও রাত, উভয় সময়ই অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শীতল বায়ুপ্রবাহ প্রবেশ করায় দেশটির তাপপ্রবাহ শেষ হয়েছে। যদিও এখনো ছয়টি অঞ্চলে তাপমাত্রার জন্য হলুদ সতর্কতা এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা বহাল রয়েছে। সূত্র: ফ্রান্স ২৪, দ্য মিরর।

AS
আরও পড়ুন