হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যার সক্ষমতার দাবি ইরানের

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম দাবি করেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরেও লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চলমান আলোচনা শান্তিচুক্তির জন্য নয়; বরং উত্তেজনা কমানো এবং ইরানের অবস্থান তুলে ধরার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে কানানি মোগাদ্দাম বলেন, ‘যদি ট্রাম্পকে হত্যা করাই লক্ষ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেও তা সহজেই করতে পারে। যখন প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এ সংলাপের উদ্দেশ্য শান্তিচুক্তি নয়। তাঁর ভাষ্য, ‘আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।’

কানানি মোগাদ্দাম আরও বলেন, এই আলোচনা মূলত ইরানের দাবি আরও দৃঢ়ভাবে তুলে ধরা এবং তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের উত্থাপিত অভিযোগের জবাব দেওয়ার একটি কূটনৈতিক প্রক্রিয়া।

তিনি বলেন, ‘ট্রাম্প ও তাঁর অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমাদের লক্ষ্য আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা স্পষ্ট করা। তবে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনো আমাদের বিবেচনায় রয়েছে।’

কানানি মোগাদ্দামের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন আঞ্চলিক ও কৌশলগত ইস্যুতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দুই দেশের সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত