নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত এইচ৫ বার্ড ফ্লু

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

নিউজিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দেশটির কর্মকর্তারা জানান, রাজধানী ওয়েলিংটনের একটি সৈকতে পাওয়া পরিযায়ী সামুদ্রিক পাখির নমুনা পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লু গৃহপালিত ও বন্য পাখির মধ্যে গুরুতর অসুস্থতা এবং ব্যাপক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজিল্যান্ডের জৈব নিরাপত্তামন্ত্রী অ্যান্ড্রু হগার্ড জানান, ওয়েলিংটনের পেটোন সৈকতে পাওয়া একটি বাদামি স্কুয়া প্রজাতির সামুদ্রিক পাখির দেহে পরীক্ষার মাধ্যমে এইচ৫ ভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় দেশটির বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বন্য পাখিদের মধ্যে ভাইরাসটির ব্যাপক বিস্তার বা বিপুলসংখ্যক পাখির মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেশী অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে এইচ৫ ভাইরাসমুক্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল। তবে গত জুনে দেশটিতে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ১৪টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।

নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ দেশটির বিপন্ন পাঁচটি পাখি প্রজাতি রক্ষায় প্রজননক্ষম পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এসব প্রজাতির মধ্যে রয়েছে-

  • কাকাপো
  • তাকাহে
  • শোর প্লোভার
  • ব্ল্যাক স্টিল্ট
  • অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট

দেশটির বাসিন্দাদের অসুস্থ বা মৃত পাখি দেখতে পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

NM/YA
আরও পড়ুন