বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ২১ মাস পর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ১০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৪ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার।
গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯২ কোটি ৫১ লাখ ৮০ হাজার ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। আর আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাক খাতের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ দশমিক ৭৯ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতের রপ্তানি আয়ের মধ্যে নিট পোশাকের অবদান ছিল ৫৯৪ কোটি ৪০ লাখ ডলার এবং ওভেন পোশাকের অবদান ৪৬০ কোটি ১১ লাখ ৬০ হাজার ডলার। তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় নিট পোশাক রপ্তানি আয় বেড়েছে ৭ দশমিক ০২ শতাংশ। আর ওভেন পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। আগের প্রান্তিকের তুলনায় নিট পোশাক রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ০৮ শতাংশ। তবে ওভেন পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ০৫ শতাংশ।
খাতসংশ্লিষ্ট বাজার বিশ্লেষণে দেখা যায়, নিট পোশাকের রপ্তানি আয় বৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারে চাহিদার সাময়িক পুনরুদ্ধার, প্রধান রপ্তানি গন্তব্যগুলোতে চালান বৃদ্ধি এবং পণ্য জাহাজীকরণের অনুকূল সময় ভূমিকা রেখেছে। তবে বৈশ্বিক পোশাকের বাজারে চাহিদার অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা এখনো এ খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
৯ দেশে ৭২ শতাংশ রপ্তানি
বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়াম। আলোচ্য তিন মাসে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭৬০ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলার। যা দেশের মোট পোশাক রপ্তানি আয়ের ৭২ দশমিক ১১ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২২১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। জার্মানিতে ১১১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার, যুক্তরাজ্যে ১২৮ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ডলার এবং স্পেনে ১১৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ফ্রান্সে ৪৪ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, ইতালিতে ৩১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ডলার, বেলজিয়ামে ১২ কোটি ৯৭ লাখ ডলার, নেদারল্যান্ডসে ৫৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার এবং কানাডায় ৩৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
প্রধান বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৮৫ দশমিক ৬৯ শতাংশই ছিল তৈরি পোশাক। জার্মানিতে এ হার ৯২ দশমিক ১৩ শতাংশ, যুক্তরাজ্যে ৯৪ দশমিক ৩২ শতাংশ এবং স্পেনে ৯৫ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ এসব দেশের বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই তৈরি পোশাকনির্ভর।
কাঁচামাল আমদানি বাদে নিট আয় ৬৭৭ কোটি ডলার
তৈরি পোশাক রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৭৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ডলার। এর মধ্যে রয়েছে তুলা, কৃত্রিম ও মিশ্র তন্তু, সুতা, কাপড় এবং পোশাক তৈরির বিভিন্ন উপকরণ।
রপ্তানি আয় থেকে কাঁচামাল আমদানির ব্যয় বাদ দিলে আলোচ্য সময়ে এ খাতের নিট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬৭৭ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। আগের প্রান্তিকের তুলনায় এ আয় বেড়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ। আর গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ। মোট পোশাক রপ্তানি আয়ের ৬৪ দশমিক ২০ শতাংশ ছিল নিট রপ্তানি আয়।
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’: ডিএই
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রামগতি ও কমলনগরে ভয়াবহ নদীভাঙন
ডেঙ্গুতে নভেম্বরের তিন সপ্তাহেই ১০০ জনের মৃত্যু