রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও পরিচালন সক্ষমতা বাড়াতে প্রায় ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম ও সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, প্রস্তাবিত এই চুক্তির মূল্য ৬২১ দশমিক ৯ মিলিয়ন ডলার। তবে এ অর্থ যুক্তরাষ্ট্র দেবে না। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে যৌথভাবে অর্থায়ন করবে। ইউক্রেনকে সহায়তার জন্য গঠিত জয়েন্ট ইউক্রেন মাল্টিন্যাশনাল প্রোগ্রাম—জাম্পস্টার্টের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।
চুক্তির আওতায় যুদ্ধবিমানের বিশেষায়িত পাইরোটেকনিক কার্টিজ ও যন্ত্রাংশ, পরীক্ষাগার সরঞ্জাম এবং পরিবহন সহায়তা সরবরাহের কথা রয়েছে। এসব সরঞ্জাম ইউক্রেনের আগে বাস্তবায়িত একটি চুক্তির সঙ্গে যুক্ত করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সরঞ্জাম সরবরাহের ফলে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতা বাড়বে। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে দেশটি সহায়তা পাবে।
চুক্তির বাস্তবায়নে ইউক্রেনে অতিরিক্ত মার্কিন সরকারি কর্মকর্তা কিংবা ঠিকাদার প্রতিনিধি পাঠানোর প্রয়োজন হবে না। সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্বাচন করবে মার্কিন সরকার।
এদিকে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যন্ত্রাংশের সংকট এবং মেরামতে বিলম্বের কারণে দেশটির বেশ কিছু যুদ্ধবিমান দীর্ঘ সময় ব্যবহারের বাইরে থাকতে হচ্ছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধবিমানের প্রস্তুতিসংক্রান্ত পরিস্থিতি নিয়ে গুরুতর সংকটের খবর অস্বীকার করেছেন। একই সঙ্গে কিছু যন্ত্রাংশ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সেগুলো সংগ্রহ করা কঠিন বলে স্বীকার করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। পরে ইউরোপীয় মিত্রদের মাধ্যমে এফ-১৬ যুদ্ধবিমান পেতে শুরু করে দেশটি। এসব যুদ্ধবিমান রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পাশাপাশি আকাশ প্রতিরক্ষার বিভিন্ন কাজে ব্যবহার করছে ইউক্রেন।
বিশ্লেষকদের মতে, শুধু আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করাই নয়, সেগুলো সচল রাখা, নিয়মিত মেরামত এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করাও যুদ্ধক্ষেত্রে বিমান সক্ষমতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। নতুন এই অনুমোদন ইউক্রেনের এফ-১৬ বহরের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সহায়তা করতে পারে।
সূত্র: এসোসিয়েট প্রেস।
ইরানের পরমাণু প্রযুক্তির অগ্রগতি থামানো যাবে না: ইসলামি
শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, ৩৬ বছর পর স্বজনদের দেহাবশেষের অপেক্ষায় পরিবার