নাভালনির মৃত্যুতে রাশিয়াকে দায়ী করছে পশ্চিমারা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ এএম

রাশিয়ার কারাগারে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মারা যান ক্রেমলিন বিরোধী ব্যক্তিত্ব অ্যালেক্সি নাভালনি। তার মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নাভালনি যদি সত্যিই মারা যান তাহলে এটি হবে পুতিনের বর্বরতার আরও একটি চিহ্ন। আমি পরিষ্কার করে বলছি, এর জন্য রাশিয়া দায়ী। জার্মানিতে বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেন।

হ্যারিসের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার বক্তব্যে বলেন, যদি নাভালনির মৃত্যুর খবর সঠিক হয়, তাহলে এটি রাশিয়ার দুর্বলতা ও পচন ধরাকে নিশ্চিত করে। নাভালনির মৃত্যুর জন্য রাশিয়া দায়ী। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ব্রডকাস্টার এনপিআরকে বলেছেন যে, ওয়াশিংটন এখনও নাভালনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

পুতিনই নাভালনিকে হত্যা করেছেন বলে দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, স্পষ্টতই তিনি পুতিনের হাতে মারা গেছেন। এছড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাভালনির মৃত্যুকে ‘ভয়ানক খবর’ বলে আখ্যায়িত করেছেন।
 
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপিকে বলেছেন, নাভালনি সমস্ত রাশিয়ান গণতন্ত্রের নায়ক ও প্রতীক। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেন, কয়েক বছর ধরে কারাগারে নিপীড়নের পর আলেক্সি নাভালনির মৃত্যুতে আমি খুবই মর্মাহত। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, আলেক্সি নাভালনি স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন।

এদিকে পশ্চিমাদের সমালোচনার জবাব দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, নিজেদের আচরণকেই এখন রাশিয়ার উপরে চাপিয়ে দিচ্ছে পশ্চিমারা। সূত্র : এপি নিউজ

SN/FI
আরও পড়ুন