যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ জুলাই। এই নির্বাচনে পরাজিত হয়ে পার্লামেন্টে নিজ আসন হারাতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিভিন্ন জনমত জরিপের ফলে এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে।
জরিপে দেখা যাচ্ছে পিছিয়ে রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এসব জরিপকে পাত্তা দিচ্ছেন না সুনাক। এ নিয়ে খুব একটা স্বস্তিতে না থাকলেও হাল ছাড়ছেন না তিনি।
রোববার (৩০ জুন) সাংবাদিকদের সুনাক বলেন, জরিপে পিছিয়ে থাকলেও তিনি বিশ্বাস করেন, এবারের নির্বাচনে তিনিই জিতবেন।
নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কি না, জানতে চাইলে সুনাক বলেন, ‘হ্যাঁ। আমি কঠিন লড়াই করছি। আমি মনে করি, মানুষ লেবার পার্টির সরকারের বিপদ সম্পর্কে বুঝতে পারছে এবং তারা জেগে উঠছে।’
এবারের নির্বাচনের অধিকাংশ জনমত জরিপে, কনজারভেটিভ পার্টির চেয়ে লেবার পার্টি ২০ পয়েন্টে এগিয়ে আছে। সর্বশেষ গত শনিবার যুক্তরাজ্যের অবজারভার পত্রিকার করা জরিপেও লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পাবে বলে দেখানো হয়েছে। সেখানে ঋষি সুনাকের দলের জনপ্রিয়তা এখনো ২০ শতাংশই রয়েছে।
এই নির্বাচনে লেবার পার্টিকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা তাদের সম্পাদকীয়তে বলেছে, ১৪ বছর কনজারভেটিভ শাসনের পর দেশে একটি আমূল পরিবর্তন প্রয়োজন। এ ছাড়াও এবারে দেশটির অন্যতম প্রধান পত্রিকা ডেইলি মিরর, দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্ট লেবার পার্টিকে সমর্থন দিয়েছে। তবে ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ কনজারভেটিভদের পক্ষে সমর্থন দিয়েছে।
নির্বাচনী প্রচারের শেষ দিকে সুনাক বিবিসির লরা কুয়েনসবার্গকে বলেছেন, ১৪ বছর আগের তুলনায় যুক্তরাজ্যের অবস্থা এখন অনেক ভালো। তিনি বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যাগুলো করোনা মহামারি এবং ইউক্রেনের যুদ্ধের কারণে হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

