মদ নিষিদ্ধ করার পর এবার বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা ঘোষণা করেছেন, এখন থেকে রাজ্যের কোথাও খোলা জায়গায় বা প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি করা যাবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উপমুখ্যমন্ত্রী জানান, সরকার দ্রুতই এ বিষয়ে নতুন একটি বিধিমালা কার্যকর করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সরকার অনুমোদিত লাইসেন্সধারী দোকানদাররাই নির্দিষ্ট স্থানে মাছ ও মাংস বিক্রি করতে পারবেন। যারা এই নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্যে বা রাস্তার ধারে কেনাবেচা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিজয়কুমার সিন্হা বলেন, ‘রাজ্যের কোথাও কোনোভাবে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি করা চলবে না। সরকার ইতোমধ্যেই নতুন বিধি তৈরি করতে শুরু করেছে এবং খুব শীঘ্রই তা রাজ্যজুড়ে কার্যকর হবে।’ তবে ঠিক কোন তারিখ থেকে এটি কার্যকর হবে এবং শাস্তির পরিমাণ কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বিহারে এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি সমস্ত জেলাশাসককে অনুরোধ করব, তারা যেন সরকারের এই নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন।’
এর আগে গত বছরের মার্চে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার বিহার সরকার পুরো রাজ্যজুড়ে প্রকাশ্যে কেনাবেচার ওপর কড়াকড়ি আরোপ করল। এর আগে ২০১৬ সালে বিহারে মদ কেনাবেচা ও পান করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল নীতীশ সরকার।
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ৩৫ জেলে আটক
