আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, 'আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানায় ভারত।'
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে চালানো এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে পাকিস্তানের। আফগানিস্তানের ওপর বিমান হামলাকে তিনি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, আফগানিস্তান-এর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে।
এদিকে গত রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। এর জবাবে পাকিস্তান রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বিমান হামলা চালায়। শুক্রবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, ফলে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব দিলো রাশিয়া
