ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক বিশেষ অভিযানে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে ১২৪ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে।

রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার বেঙ্গালুরু সিটি পুলিশের কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) এই বড় ধরনের অভিযান পরিচালনা করে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং এর নির্দেশে সিসিবি-র চারটি দল শহরের কাদুগোডি ও ভার্থুর থানা এলাকার বিভিন্ন অস্থায়ী বসতিতে এই তল্লাশি চালায়। পুলিশের দাবি, আটক এই ব্যক্তিরা গত কয়েক বছর ধরে সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। অভিযানের সময় তাদের কাছে ভারতে অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে পুলিশ এটিও স্বীকার করেছে যে, তাদের কাছে বাংলাদেশি নাগরিকত্বেরও কোনো সুনির্দিষ্ট দলিল পাওয়া যায়নি।

বর্তমানে আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেঙ্গালুরু সিটি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আটক ১২৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) এ একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এই বিশেষ অভিযানে পুলিশের পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় নগর কর্তৃপক্ষ (BBMP) সহায়তা করেছে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

NB/
আরও পড়ুন