প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দ যেমন বিশাল, তেমনি ছোট্ট নবজাতককে কোলে নেওয়ার ভয়টাও থাকে আকাশচুম্বী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন বাবার এমনই এক বিরল ও আবেগঘন মুহূর্ত ভাইরাল হয়েছে, যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা। ভারতের চেন্নাইয়ের সুগান মাল্টিস্পেশালিটি হাসপাতালের এই ভিডিওটি ইতিমধ্যে ২০ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
ইনস্টাগ্রামে ডা. সুগানিয়া সারাভানাকুমার ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, এক বাবা তার নবজাতককে প্রথমবার কোলে নিতে গিয়ে ভয়ে ও উত্তেজনায় থরথর করে কাঁপছেন। তার কাঁপানো হাতে শিশুটিকে তুলে দেওয়ার সময় চিকিৎসক তাকে অত্যন্ত ধৈর্য ও মমতার সাথে সাহায্য করছেন। শিশুটি যাতে পড়ে না যায় বা ব্যথা না পায়, সেজন্য বাবার আড়ষ্ট হয়ে থাকা এবং পরম আদরে ধরার সেই দৃশ্যটি বিশ্বজুড়ে মানুষের মন জয় করে নিয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পৃথিবীর শক্তিশালী মানুষের হাতও কাঁপতে পারে যখন তিনি ছোট্ট এক টুকরো আনন্দকে (নবজাতক) কোলে নেন।’
ভিডিওটি দেখে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দেখে মনে হচ্ছে তিনি তার কাঁধে পুরো বিশ্বের ভার তুলে নিয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘এটিই ভালোবাসার শুদ্ধতম রূপ—অজান্তে আঘাত দিয়ে ফেলার ভয়।’ ৯৯ লক্ষেরও বেশি লাইক পাওয়া এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে টক অফ দ্য টাউন।
বিশেষজ্ঞরা নতুন বাবাদের জন্য পরামর্শ দিয়েছেন যে, নবজাতককে ধরার সময় সবসময় মাথা ও ঘাড়ের দিকে সাপোর্ট দিতে হবে এবং ধীরস্থিরভাবে নড়াচড়া করতে হবে।
রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক পলো নতুন ঠিকানা
