ইরানের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হচ্ছে: জয়শঙ্কর

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বড় ধরণের অগ্রগতির দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইরানের সঙ্গে তাঁর আলোচনা ‘ফলপ্রসূ’ হচ্ছে এবং এর ইতিবাচক প্রভাব হিসেবে ইতোমধ্যেই ভারতের পতাকাবাহী দুটি এলপিজি (LPG) ট্যাঙ্কার নিরাপদে ওই প্রণালী অতিক্রম করেছে।

রোববার (১৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ (FT)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর এই তথ্য নিশ্চিত করেন।

জয়শঙ্কর বলেন, ‘আমি বর্তমানে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় নিযুক্ত আছি এবং আমার এই আলোচনা ইতোমধ্যে কিছু ফল দিতে শুরু করেছে। ভারতের দৃষ্টিভিকোণ থেকে আমরা মনে করি—বিবাদের চেয়ে আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধান খোঁজা অনেক বেশি কার্যকর।’

তিনি আরও যোগ করেন, ভারত এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা এই সংকট মোকাবিলায় সহায়ক হচ্ছে।

ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার ৯২,৭১২ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) নিয়ে দুটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের পথে রওনা হয়েছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে ভারত তাদের রান্নার গ্যাস ও যানবাহনের জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই এই সমুদ্রপথটি সচল রাখা দিল্লির জন্য অত্যন্ত জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সংকেত দিলেও সংকট পুরোপুরি কাটেনি। সরকারি তথ্য অনুযায়ী, এখনও ভারতের পতাকাবাহী অন্তত ২২টি বাণিজ্যিক জাহাজ এবং ৬১১ জন নাবিক হরমুজ প্রণালীর পশ্চিমে আটকা পড়ে আছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান জয়শঙ্কর।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহকারী এই হরমুজ প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই চীন ও তাঁর মিত্র দেশগুলোকে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

DR/SN
আরও পড়ুন