মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার আগেই পুলিশকে তাড়া করলো ষাঁড়

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

আর মাত্র কয়েক ঘণ্টা পরই মাঠে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা, বাঁশের মজবুত ব্যারিকেড আর মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। কিন্তু সেই কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ হেলিপ্যাডেই ঢুকে পড়ল এক বিশালকার ষাঁড়! শুধু ঢোকাই নয়, রীতিমতো শিং উঁচিয়ে তেড়ে গেল নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের দিকে।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডের ভেতর হঠাৎ একটি কালো ষাঁড় ঢুকে পড়লে হইচই শুরু হয়ে যায়। সেখানে উপস্থিত পুলিশকর্মীরা ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি উল্টো তাঁদের দিকেই আক্রমণাত্মকভাবে তেড়ে আসে। এক পুলিশকর্মী তো ষাঁড়ের গুঁতো খাওয়ার ভয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়াতে শুরু করেন।

নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে একটি ষাঁড় এমন গুরুত্বপূর্ণ স্থানে ঢুকে পড়ল, তা নিয়ে জনমনে যেমন হাস্যরসের সৃষ্টি হয়েছে, তেমনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং শেষ পর্যন্ত ষাঁড়টিকে মাঠের বাইরে বের করে দেওয়া সম্ভব হয়েছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ ও ষাঁড়ের এই ‘লুকোচুরি’ খেলার দৃশ্যটি এখন নেটিজেনদের বিনোদনের খোরাক যোগাচ্ছে। (দ্রষ্টব্য: ভাইরাল এই ভিডিয়োর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি)।

DR
আরও পড়ুন