পেজেশকিয়ান-শেহবাজের ফোনালাপ, যে কথা হলো

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

পাকিস্তানের উদ্যোগে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই আলোচনায় দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রায় ৪৫ মিনিটের এক ফোনালাপে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে তেহরানের অংশগ্রহণের কথা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, আলাপটি ছিল ‘উষ্ণ ও আন্তরিক’। শেহবাজ শরিফ ইরানের নেতৃত্বের ‘দূরদর্শিতা’ ও যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আলোচনার আয়োজন গ্রহণ করায় ধন্যবাদ জানান। খবর ডনের।

পিএমও জানায়, পেজেশকিয়ান পাকিস্তানের মধ্যস্থতাকে প্রশংসা করে দেশটির জনগণের জন্য শুভকামনা জানিয়েছেন। দুই নেতা যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট বলেছেন, ‘প্রেসিডেন্ট বা হোয়াইট হাউস ঘোষণা না দেয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’

এর আগে পাকিস্তান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ১০ এপ্রিল ইসলামাবাদে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা হতে পারে। একই দিনে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই যুদ্ধবিরতিকে ‘সংলাপ ও স্থিতিশীলতার সুযোগ’ হিসেবে উল্লেখ করে সব পক্ষকে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান জানান।

AHA
আরও পড়ুন