উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’ (Fateh-II) ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান। উন্নত অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর (ISPR)-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।

আইএসপিআর জানিয়েছে, অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুল নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল-সেনাদের উন্নত প্রশিক্ষণ প্রদান, কারিগরি প্যারামিটার যাচাই এবং প্রতিকূল পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রটির টিকে থাকার সক্ষমতা ও নির্ভুলতা মূল্যায়ন করা।

দেশীয়ভাবে তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল উৎক্ষেপণ পরিচালনা করে পাক সেনাবাহিনীর ‘আর্মি রকেট ফোর্স কমান্ড’। এই বিশেষ মহড়াটি পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া কৌশলগত বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এই সময় উপস্থিত ছিলেন। 

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘ফতেহ’ সিরিজের এই উন্নয়ন পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

এই বড় ধরণের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রতিরক্ষা বাহিনী ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই অসামান্য কৃতিত্বে অবদান রাখা সকলের কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেছেন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত