পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

২য় দফায় ৯১.৬৬ শতাংশ ভোটগ্রহণ, জয়ের ব্যাপারে আশাবাদী মমতা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ বুধবার সম্পন্ন হয়েছে। এই দফায় রাজ্যের ৮টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হয়। প্রথম দফার মতো এই দফায়ও রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। তবে বিভিন্ন জেলায় শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তেজনার খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি আসনে ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় গড় ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায় রেকর্ড ৯৩.৫১ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর সর্বনিম্ন ভোট পড়েছে কলকাতা দক্ষিণে, যার হার ৮৭.৪১ শতাংশ।

সকাল থেকেই নদীয়ার চাপড়া, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ফলতায় সংঘর্ষের খবর পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতার ভবানীপুর ও কালীঘাট এলাকায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন বুথে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া এবং ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে পাল্টাপাল্টি।

কলকাতায় নিজের ভোট দেওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরবো।’

নির্বাচন কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি। আঁটসাঁট নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ভোট সম্পন্ন হয়েছে। এখন সবার নজর নির্বাচনের ফলাফলের দিকে।

FJ
আরও পড়ুন