পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব- জনগণের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন কি তবে ব্যালট বক্সে? নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, তৃণমূল সরকারের অন্তত ১৫ জন বিদায়ী মন্ত্রী এখন পর্যন্ত গণনায় পিছিয়ে আছেন। এই তালিকায় রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতো দাপুটে নেতারা।
পিছিয়ে আছেন যে ১৫ মন্ত্রী:
১. ব্রাত্য বসু (দমদম): বিদায়ী শিক্ষামন্ত্রী পিছিয়ে আছেন ৮,০৬৯ ভোটে।
২. চন্দ্রিমা ভট্টাচার্য (উত্তর দমদম): ২,০০২ ভোটে পিছিয়ে অর্থ প্রতিমন্ত্রী।
৩. সুজিত বসু (বিধাননগর): ১২,০৮৪ ভোটে পিছিয়ে বিদায়ী দমকল মন্ত্রী।
৪. ইন্দ্রনীল সেন (চন্দননগর): ৪,১৬০ ভোটে পিছিয়ে পর্যটন মন্ত্রী।
৫. সিদ্দিকুল্লা চৌধুরী (মন্তেশ্বর): ৬,২৭০ ভোটে পিছিয়ে গ্রন্থাগার মন্ত্রী।
৬. প্রদীপ মজুমদার (দুর্গাপুর পূর্ব): পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পিছিয়ে ১২,৮২৬ ভোটে।
৭. উদয়ন গুহ (দিনহাটা): উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পিছিয়ে ৬,৫৩৭ ভোটে।
৮. বীরবাহা হাঁসদা (বিনপুর): ১৩,২৩৭ ভোটে পিছিয়ে বিদায়ী বনমন্ত্রী।
৯. স্নেহাশিস চক্রবর্তী (জাঙ্গিপাড়া): ৫,০০১ ভোটে পিছিয়ে পরিবহণ মন্ত্রী।
১০. শশী পাঁজা (শ্যামপুকুর): ৪,৪০৫ ভোটে পিছিয়ে বিদায়ী শিল্পমন্ত্রী।
এছাড়াও পুলক রায়, সত্যজিৎ বর্মণ, মানস ভুইঁয়া, শ্রীকান্ত মাহাতো এবং স্বপন দেবনাথের মতো মন্ত্রীদের অবস্থাও করুণ।
আজ সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার চার ঘণ্টা পর দেখা যাচ্ছে, বিজেপি ১৮৩টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে লড়াই করছে। বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে থাকলেও জাতীয় কংগ্রেস এখন পর্যন্ত খাতা খুলতে পারেনি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। দক্ষিণ ২৪ পরগনার একটি আসনের ভোট বাতিল হওয়ায় আজ ২৯৩টি আসনের গণনা চলছে। রাজ্যে সরকার গঠনের ‘ম্যাজিক ফিগার’ ১৪৭। বিজেপি যেভাবে এগোচ্ছে, তাতে মমতার দীর্ঘদিনের মসনদ টলে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিয়োগ দুর্নীতি নিয়ে জনমানসে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, মন্ত্রীদের এই করুণ দশা তারই বহিঃপ্রকাশ। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি