ভারতের মহারাষ্ট্রে পারিবারিক কলহের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীর সামনে বাবা-মা বকাঝকা ও অপমান করায় তাদের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চন্দন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (১৫ মে) মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরের মহাবীর সোসাইটিতে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত দম্পতি হলেন ইন্দরম মাহাতো ও রঞ্জুদেবী মাহাতো। তারা সম্প্রতি তাদের মেয়ের বিয়ে শেষ করে বাড়িতে ফিরেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে ফেরার পর কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে ছেলে চন্দনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চন্দনের স্ত্রীর সামনেই তাকে তিরস্কার ও অপমানজনক মন্তব্য করেন বাবা-মা।
স্ত্রীর সামনে এমন অপদস্থ হওয়া মেনে নিতে না পেরে রাগের মাথায় ঘর থেকে মশলা পেষার ভারী শিল নিয়ে এসে বাবা ও মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন তিনি। শিলের প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় প্রাণ হারান ওই প্রবীণ দম্পতি। হত্যাকাণ্ডের পর চন্দন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চিৎকারে ছুটে আসা প্রতিবেশীরা তাকে আটকে ফেলেন এবং পুলিশে খবর দেন।
ধুলে জেলা পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে জোড়া খুনের মামলা দায়ের করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো গভীর কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত ইরান