হা-মীমের ৮ শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

ভোলার লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট শিক্ষার্থী দেশের খ্যাতনামা দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে তারা রাজধানীর নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নটরডেম কলেজে ভর্তির জন্য নির্বাচিত চার শিক্ষার্থী হলেন,মুক্তাদির আল অহন, মুনতাকিম আল অর্ণব, মো. সালমান রহমান ও আরাফাত রহমান সাকিব। তাদের মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্ণব আপন দুই ভাই।

অন্যদিকে, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানের আরও চার শিক্ষার্থী। তারা হলো, প্রতিক চন্দ্র দাশ, জুনায়েদ সাকি, মুহতাসিম জাহিন ও মোহাম্মদ বিন সাইফ। 

একসঙ্গে আট শিক্ষার্থীর এমন সাফল্যে আনন্দিত প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মো. রুহুল আমিন বলেন, গত বছরও প্রতিষ্ঠানটির পাঁচ শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবারও দেশের অন্যতম সেরা দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আট শিক্ষার্থীর জায়গা করে নেওয়া প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।

তিনি বলেন, এ অর্জন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানেরও একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এম.সি.এইচ
আরও পড়ুন