আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন রাবাব ফাতিমা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ)-এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমা এ পদে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব পালনকালে অবদানের জন্য রোজা ওতুনবায়েভাকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কানাডার জর্জেট গ্যাগননের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাবাব ফাতিমার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সেই সময়ে তিনি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)-এর নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন। এছাড়া ২০২২ সালে তিনি প্রথম নারী হিসেবে জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

NM/YA
আরও পড়ুন