ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে তিনি বলেছেন, শুধু পদত্যাগের মাধ্যমে দেশ গড়ে ওঠে না, প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন শিক্ষা ও শাসনব্যবস্থার সংস্কার।
শনিবার (২৪ জুলাই) ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াংচুক বলেন, এটি গণতন্ত্রের বিজয় এবং দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তিনি ককরোচ জনতা পার্টির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, তরুণ এবং দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া মানুষকে অভিনন্দন জানান।
ওয়াংচুক বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্দোলনকারীরা পুরো সময় শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। ভবিষ্যতেও যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং আর কোনো অন্যায় না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তার ভাষায়, একটি দেশ কেবল কারও পদত্যাগের মাধ্যমে গড়ে ওঠে না। শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার প্রয়োজন এবং সে দিকেই এখন গুরুত্ব দেওয়া উচিত।
তিনি আরও বলেন, সরকারের সাম্প্রতিক ইতিবাচক পদক্ষেপের প্রতিফলন শুধু শিক্ষা নয়, সামগ্রিক শাসনব্যবস্থার সংস্কারেও দেখা যাবে বলে তিনি আশা করেন।
ওয়াংচুকের মতে, ভবিষ্যতে দেশ পরিচালনায় ভয় নয়, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা এবং অন্যায়ের পরিবর্তে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ অনুসরণ করা উচিত।
উল্লেখ্য, গত ৬ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনের পর গত বৃহস্পতিবার রাতে তিনি তা প্রত্যাহার করেন। শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টিও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। সূত্র: এনডিটিভি
দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো সিজেপি
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ 'ককরোচ জনতা পার্টি'