মন্দিরে ছিঁড়ে পড়লো বিদ্যুতের তার, পদদলিত হয়ে নিহত ৭

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি হিন্দু মন্দিরে ছেঁড়া বিদ্যুতের তারকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে মর্মান্তিক পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন পুণ্যার্থী নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১৭ আগস্ট) বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোক ধাম মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী অত্যন্ত পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ভগবান শিবের চরণে পূজা দিতে সেখানে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মন্দির প্রাঙ্গণের বাইরে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। বিদ্যুতায়িত হওয়ার ভয়ে সমবেত ভক্তরা হুড়োহুড়ি করে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

শ্রদ্ধালুদের অতিরিক্ত চাপে মন্দিরের নিরাপত্তা ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে। এতে একে অপরের ওপর আছড়ে পড়েন শত শত মানুষ এবং মুহূর্তের মধ্যে তা প্রাণঘাতী পদদলনে রূপ নেয়।

ভারতে ধর্মীয় উৎসবগুলোর সময় অপরিকল্পিত গণজমায়েত ও দুর্বল ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে প্রায়ই এমন পদদলনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

সূত্র: এপি নিউজ

YA
আরও পড়ুন