সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার (১৮ আগস্ট) একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধসে পড়া খনির নিচে আরও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গেছে, দেশটির নানা-মামবেরে প্রশাসনিক অঞ্চলের আব্বা এলাকায় অবস্থিত একটি সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক শ্রমিক জানান, উদ্ধারকারীরা মাটির নিচে আটকে পড়া শ্রমিকদের খোঁজে তৎপরতা চালাচ্ছেন, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
আব্বা এলাকার ডেপুটি মেয়র সুলেমান বি জানান, স্থানীয় অধিবাসী ও উদ্ধারকারীরা কয়েক ঘণ্টার চেষ্টায় অন্তত ৩০টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা মাটির নিচে আটকে পড়াদের দ্রুত উদ্ধারে সবার সাহায্য-সহযোগিতার আবেদন জানাচ্ছি।
উদ্ধারকাজের একটি দৃশ্যে দেখা যায় অত্যন্ত বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতি। কাদা-পানিতে মাখামাখি তরুণ শ্রমিকরা খনির গভীর গর্ত থেকে সহকর্মীদের লাশ টেনে বের করার চেষ্টা করছেন এবং চারদিকে স্বজন ও শ্রমিকদের কান্নার রোল পড়েছে।
দেশটির সরকারি মুখপাত্র এভারিস্তে নগামানা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার সব ধরনের সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিরাপত্তাহীন ছোট ছোট খনিতে সোনা ও হীরা তোলার কাজ খুবই পরিচিত দৃশ্য। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং মাটির গভীর গর্তগুলো অরক্ষিত থাকায় দেশটিতে প্রায়শই এমন প্রাণঘাতী খনি ধসের ঘটনা ঘটে।
সূত্র: এনবিসি নিউজ
৩ চিকিৎসাকর্মীর মৃত্যু দিয়েই শুরু হয়েছিলো ইবোলার তাণ্ডব
ভেনেজুয়েলার তেলের অর্ধেকই যাচ্ছে যুক্তরাষ্ট্রে