গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। হাসপাতালে রোগী দেখতে গিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩ জন চিকিৎসাকর্মীর মৃত্যুর মধ্য দিয়ে যে প্রাদুর্ভাবের আভাস মিলেছিল, তা এখন দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারিতে পরিণত হয়েছে।
বিরল 'বান্দিবুগিও' ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে ২,৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে গৃহযুদ্ধের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
সংকটের সূত্রপাত এপ্রিলের শুরুতে, ইতুরি প্রদেশের মংবাওয়ালু জেনারেল হাসপাতালে। অস্ত্রোপচারের জন্য এক রোগী ভর্তি হওয়ার প্রায় এক মাসের মাথায় অস্ত্রোপচারে যুক্ত থাকা সহকারী, অ্যানাস্থেটিস্ট এবং পরিচর্যা দলের এক সদস্যের পর পর মৃত্যু হয়। চিকিৎসকরা তখনই আশঙ্কা করেছিলেন, স্বাস্থ্য বিভাগ বিষয়টি টের পাওয়ার আগেই সাধারণ মানুষের মধ্যে নীরবে ছড়িয়ে পড়েছিল এই ঘাতক ভাইরাস।
স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর মাত্র তিন মাসের মাথায় ৪,৯০০ জনেরও বেশি মানুষের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। এতে কঙ্গোর ২০১৮–২০২০ সালের ইবোলা মহামারিতে ২,২৯৯ জনের মৃত্যুর রেকর্ড ভেঙে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান প্রাদুর্ভাবটির পেছনে দায়ী ‘বান্দিবুগিও’ নামের একটি বিরল ইবোলা ভাইরাস, যা ২০০৭ সালে উগান্ডায় প্রথম শনাক্ত হয়েছিল। বহুল পরিচিত ‘জায়ার’ ধরনের জন্য প্রতিষেধক থাকলেও, বান্দিবুগিও ভাইরাসের এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ইতুরি প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের লাগাম টানা কঠিন হয়ে পড়েছে মূলত কয়েকটি কারণে—যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত, আক্রান্তদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের শনাক্ত করতে না পারা।
আফ্রিকান সিডিসি জানিয়েছে, ইতুরি প্রদেশ বর্তমানে অবরুদ্ধ ও যুদ্ধকবলিত অঞ্চল হওয়ায় স্বাস্থ্যকর্মীদের চরম জীবন ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। রোগী শনাক্তে দেরি ও স্থানীয়দের অনিয়ন্ত্রিত চলাচলের সুযোগে ভাইরাসটি দ্রুত সীমান্ত পেরিয়ে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।
কঙ্গোর চিকিৎসকদের মতে, এই মুহূর্তে ইবোলা ঠেকানো কেবল একটি চিকিৎসার বিষয় নয়, এটি সংঘাত ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই।
সূত্র: আল-জাজিরা
ভেনেজুয়েলার তেলের অর্ধেকই যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের