নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা

ভেসে যাওয়া ব্যাংকের সেফ লুটের ঘটনায় ২৯ জন আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় এবার সামনে এসেছে এক অদ্ভুত লুটের ঘটনা। প্রবল স্রোতে একটি ব্যাংকের সেফ ভেসে গিয়ে কয়েক মাইল দূরে পৌঁছানোর পর সেটি ভেঙে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৯ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নেপালের রাসুওয়া জেলার ভোতেকোশি এলাকায় বন্যার পানিতে একটি ব্যাংক সেফ ভেসে যায়। পরে সেটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে পাওয়া যায়।

সেফটি উদ্ধারের পর সেটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকজন সেটি ভেঙে ভেতরে থাকা অর্থ নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে। উদ্ধার হওয়া অর্থের উৎস ও সেফটি কীভাবে সেখানে পৌঁছাল, তা নিয়েও তদন্ত চলছে।

ভয়াবহ এই বন্যায় নেপালের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বন্যা ও ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগের মধ্যেই উদ্ধারকাজের পাশাপাশি বন্যায় ভেসে যাওয়া সম্পদ উদ্ধারের ঘটনাও সামনে আসছে।

তবে ব্যাংকের সেফ ভেসে গিয়ে দূরবর্তী এলাকায় পৌঁছানো এবং সেটি ভেঙে অর্থ লুটের ঘটনা নেপালের সাম্প্রতিক বন্যার অন্যতম চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয়েছে। পুলিশের তদন্তে এখন বেরিয়ে আসবে সেফটির ভেতরে কত অর্থ ছিল এবং লুটের সঙ্গে কারা জড়িত ছিল।

এমএজেড
আরও পড়ুন